২৬ নভেম্বর উদ্বোধন হতে চলেছে মালদহ ও মুর্শিদাবাদ সংযোগকারী নতুন ফরাক্কা সেতু

আগামী ২৬ নভেম্বর মালদহ ও মুর্শিদাবাদ জেলাকে সংযোগকারী নতুন ফরাক্কা সেতুর উদ্বোধন হতে চলেছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সড়কমন্ত্রী নিতিন গডকড়ির উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রায় পৌনে তিন কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণের ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে এবং দীর্ঘদিনের যানজটের সমস্যা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ। নতুন এই সেতুতে সৌর বিদ্যুৎচালিত পথবাতির ব্যবস্থাও রাখা হয়েছে।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, নতুন এই সেতুটি নির্মাণের জন্য প্রাথমিকভাবে ৫২২ কোটি টাকা বরাদ্দ করা হলেও, সময়সীমা বৃদ্ধির কারণে প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২২ কোটি টাকায়। সেতুটির রাস্তা ফরাক্কা কলেজ মোড় থেকে শুরু হয়ে মালদহের পিটিএস টাউনশিপ মোড় পর্যন্ত বিস্তৃত। বর্তমানে পরীক্ষামূলকভাবে শিলিগুড়ি থেকে কলকাতামুখী লেনটি খুলে দেওয়া হয়েছে এবং সমস্ত যানবাহন ওই পথ দিয়েই চলাচল করছে।
উল্লেখ্য, ১৯৬২ সালে নির্মিত পুরনো ফরাক্কা ব্যারেজের ওপর যানবাহনের অতিরিক্ত চাপের কারণেই এই সমান্তরাল সেতুটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। নতুন সেতুটি পুরোপুরি চালু হয়ে গেলে পুরনো ব্যারেজের ওপর চাপ অনেকটাই কমবে। ভবিষ্যতে এই নতুন সেতুর সমান্তরালে একটি রেল ব্রিজ তৈরির পরিকল্পনাও রয়েছে, যার সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। রেল ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন হলে পুরনো ফরাক্কা ব্যারেজের ১০৯টি গেট শুধুমাত্র গঙ্গার জলপ্রবাহ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হবে।