শীতকালেও বৃষ্টির পূর্বাভাস: হিমালয় ও প্রতিবেশী দেশগুলোতে দুর্যোগের আশঙ্কা

আন্তর্জাতিক সমন্বিত পার্বত্য উন্নয়ন কেন্দ্র (আইসিমড), বেইজিং নর্মাল ইউনিভার্সিটি এবং চিনা অ্যাকাডেমি অফ সায়েন্সেসের যৌথ গবেষণায় এবারের শীতকালীন আবহাওয়া নিয়ে উদ্বেগজনক পূর্বাভাস উঠে এসেছে। ‘এইচকেএইচ উইন্টার আউটলুক ২০২৬’ শীর্ষক এই প্রতিবেদনে জানানো হয়েছে, নেপাল, আফগানিস্তান ও বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। হিন্দুকুশ হিমালয় অঞ্চলের বিভিন্ন স্থানে আবহাওয়ার প্রভাব ভিন্ন হবে, তবে পশ্চিম হিমালয়ে ভারী বৃষ্টি ও তুষারপাতের ফলে পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞানীদের মতে, নিচু এলাকায় অতিরিক্ত বৃষ্টি এবং উঁচু পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত একসঙ্গে ঘটলে বন্যা, ভূমিধস ও তুষারধসের মতো দুর্যোগের মাত্রা বহুগুণ বেড়ে যেতে পারে। ১৯৫০ সালের পর থেকে সবচেয়ে শক্তিশালী এল নিনোর প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মার্কিন সংস্থা এনওএএ সতর্ক করেছে। হিন্দুকুশ হিমালয় অঞ্চল এশিয়ার বিপুল জনসংখ্যার জলের প্রধান উৎস হওয়ায়, এই চরম আবহাওয়া রাস্তাঘাট, জনবসতি ও স্থানীয় মানুষের জীবনযাত্রার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
তুষারপাতের ক্ষেত্রেও বৈচিত্র্যের ইঙ্গিত মিলেছে। আফগানিস্তান, পাকিস্তান, উত্তর ভারত ও নেপালের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বরফ পড়ার সম্ভাবনা থাকলেও ভুটান ও চিনের পূর্ব শিজাংয়ে বরফের স্তর কম থাকতে পারে। কম তুষারপাত সেচ, জলবিদ্যুৎ উৎপাদন ও বসন্তের জলপ্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব শিজাং ও মায়ানমারের কিছু অংশে দাবানলের ঝুঁকিও বাড়ছে। আইসিমডের জলবিজ্ঞানীরা বর্ষা পরবর্তী সময়েও স্থানীয় পূর্বাভাস ও সতর্কতামূলক প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।