সুপারটেক মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি, নতুন বেঞ্চ গঠনের নির্দেশ

সুপ্রিম কোর্টে সুপারটেক সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি সূর্য কান্ত নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মহনার বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। শুনানির সময় বিচারপতি জানান, আবেদনকারীদের মধ্যে একজনের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে। যদিও ওই ব্যক্তি তাঁর আত্মীয় বা মক্কেল নন, তবুও ব্যক্তিগত সম্পর্কের খাতিরে তিনি এই মামলার শুনানি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বিচারপতি সূর্য কান্তের এই সিদ্ধান্তের ফলে মামলাটি শোনার জন্য এখন নতুন বেঞ্চ গঠন করা হবে। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন যে, একাধিক আবেদনকারী থাকা সত্ত্বেও কেন ওই নির্দিষ্ট ব্যক্তিকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছিল। তবে এই সিদ্ধান্তের কারণে আদালতের আগের কোনো নির্দেশ বাতিল হচ্ছে না এবং সুপারটেকের অসমাপ্ত প্রকল্পগুলোর কাজ শেষ করার প্রক্রিয়াও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সুপারটেকের আর্থিক সংকটের কারণে থমকে থাকা ১৬টি আবাসন প্রকল্পের কাজ শেষ করার দায়িত্ব সরকারি সংস্থা এনবিসিসিকে দেওয়া হয়েছিল। প্রায় ৫০ হাজার ফ্ল্যাট ক্রেতার স্বার্থ রক্ষা ও দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যেই শীর্ষ আদালতে এই মামলা চলছে। এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এনবিসিসির দায়িত্ব বহাল রেখেছিল আদালত। এখন নতুন বেঞ্চ গঠনের পর পরবর্তী শুনানি কবে হবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার ফ্ল্যাট ক্রেতা।