ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল সাকেত আদালত

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে একটি পুরনো ফৌজদারি মানহানির মামলায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে দিল্লির সাকেত আদালত। ২০১৮ সালে দায়ের হওয়া এই মামলায় অভিযোগকারী বিকাশ সাঁকৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে দাবি করেছেন যে, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে তাঁর সম্মানহানি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের মে মাসে প্রকাশিত ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শীর্ষক ভিডিওটিতে ভিত্তিহীন মন্তব্য করা হয়েছিল।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৩ জুলাই আদালত প্রথমবার ধ্রুব রাঠির বিরুদ্ধে সমন জারি করেছিল। তবে দীর্ঘ সময় ধরে সমন কার্যকর করা সম্ভব হয়নি। অভিযোগকারীর দাবি, ধ্রুব রাঠি সাধারণত বিদেশে থাকায় তাঁর কাছে সমন পৌঁছাতে সমস্যা হচ্ছিল। এরপর চলতি বছরের অক্টোবর মাসে আদালত ধ্রুব রাঠির গুরুগ্রামের ঠিকানায় সমন জারির নির্দেশ দেয়। কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও সমন কার্যকর করা সম্ভব হয়নি।
গত ১৭ অক্টোবর এবং ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানা কার্যকর না হওয়ায় ২৩ নভেম্বর আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করে। উল্লেখ্য, এই একই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও মামলা হয়েছিল, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টে গড়ায়। ধ্রুব রাঠির বিরুদ্ধে চলা এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে।