আজারবাইজানে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ অসমের যুবক, রুশ সেনায় যোগদানের আশঙ্কায় পরিবার

আজারবাইজানে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ অসমের যুবক, রুশ সেনায় যোগদানের আশঙ্কায় পরিবার

আসামের কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত তুলারগ্রামের বাসিন্দা আব্দুল মুক্তাদির লস্কর, যিনি মুন্না নামেও পরিচিত, আজারবাইজানে চাকরির প্রতিশ্রুতি পেয়ে চলতি বছরের শুরুতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারের দাবি অনুযায়ী, মুম্বাই থেকে মস্কো হয়ে বাকু যাওয়ার জন্য তার ১৪ জুলাইয়ের টিকিট কাটা ছিল এবং ৩০ জুলাই তার ফেরার কথা ছিল। তবে তিনি আদৌ ফিরেছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পরিবারের উদ্বেগ কয়েক গুণ বেড়ে যায় যখন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ে। ওই ছবিতে আব্দুল মুক্তাদিরকে রাশিয়ার সামরিক ইউনিফর্ম পরিহিত কয়েকজন বিদেশি নাগরিকের সঙ্গে দেখা গেছে। এর পরেই পরিবারের আশঙ্কা, তাকে হয়তো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লড়াই করার জন্য রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে। যদিও সরকারিভাবে তার নিয়োগ বা বর্তমান অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি।

আব্দুল মুক্তাদিরের স্ত্রী সালমা জানিয়েছেন, গত ২৬ আগস্ট শেষবার তার সঙ্গে কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বামীর কোনো খোঁজ না পেয়ে এবং দুই সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় পড়ে সালমা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন। পরিবারটি দ্রুত সরকারি উদ্যোগে তাকে খুঁজে বের করে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *