বাংলাদেশের খুলনায় ফের রবীন্দ্রনাথের ছবিতে কালি, ১৬ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বিকৃতি

বাংলাদেশের খুলনা শহরের যশোর রোডে অবস্থিত রেলস্টেশনের দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফের কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। এর আগে গত ৬ নভেম্বর একই জায়গায় কবির ছবিতে কালি দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর সেখানে নতুন করে ছবিটি আঁকা হলেও ফের তা বিকৃত করা হলো।
যশোর রোডের ওই দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের ছবি রয়েছে। এছাড়া সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদের মতো বিভিন্ন শিল্পকর্মও সেখানে স্থান পেয়েছে। তবে অন্য কোনো ছবিতে হাত না দিয়ে শুধুমাত্র রবীন্দ্রনাথের ছবিতেই কালি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানিয়েছেন, সম্ভবত শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। আগের ঘটনার সময় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। বর্তমান ঘটনার সঙ্গে আগের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, গত ১০ অক্টোবর ঢাকার শিল্পকলা অ্যাকাডেমির সামনে রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছিল পুলিশ।