সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতির তদন্তে ইডির নজরে ১০ ব্যবসায়ী, বেনিয়াপুকুরে মিলল ৬০ কোটির বেনামি সম্পত্তি

সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তে নেমে নতুন তথ্যের হদিশ পেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকরা। তদন্তে উঠে এসেছে কলকাতার বেনিয়াপুকুরে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের একটি বেনামি সম্পত্তির তথ্য। প্রায় এক বিঘা জমি কেনার ক্ষেত্রে সব্যসাচী দত্তের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ। ইডির দাবি, আখতার হোসেন ও মোজাম্মের হোসেন নামে দুই ব্যক্তির নামে ওই জমি কেনা হয়েছিল, যারা সব্যসাচীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল এবং অন্যের নামে সম্পত্তি কিনে কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তদন্তের স্বার্থে ইডির নজরে রয়েছেন ১০ জনেরও বেশি ব্যবসায়ী। এই তালিকায় রয়েছেন ভারত ধান্ধানিয়া, বিজয়া ধান্ধানিয়া, ভারত লাখোটিয়া, পবন কুমার ভুবানিয়া, আখতার হোসেন, কমল গান্ধী, বিকাশ গুপ্তা, জয় কিষান পোদ্দার, গৌরীশঙ্কর সারাফ এবং সিদ্ধার্থ বাঙ্কা। ইডি সূত্রে খবর, এই ব্যবসায়ীদের সঙ্গে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ যোগাযোগের সূত্র ধরেই আর্থিক লেনদেনের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের খুঁটিনাটি পরীক্ষা করছেন তদন্তকারীরা।
তদন্তের প্রয়োজনে আগামী দিনে এই ব্যবসায়ীদের তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের বয়ান থেকে অর্থের উৎস এবং লেনদেনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করবেন আধিকারিকরা। ব্যক্তিগত আর্থিক লেনদেনের পাশাপাশি ব্যবসায়ীদের মাধ্যমে অর্থের গতিপথ এবং সম্পত্তি কেনার পিছনে বৃহত্তর কোনো আর্থিক যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত করতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে ইডি।