গঙ্গার উপর নতুন সেতুর উদ্বোধন ঘিরে রাজনৈতিক বিতর্ক

গঙ্গার উপর নির্মিত কাঁচি দরগাহ থেকে বৈশালীর বিদুপুর পর্যন্ত বিস্তৃত ১৯.৭ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রায় ৪২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের মূল অংশের দৈর্ঘ্য ৯.৭৬ কিলোমিটার। সেতুটি চালু হওয়ার ফলে উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে এবং মহাত্মা গান্ধী সেতু ও জেপি সেতুর উপর যানবাহনের চাপ কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে রাঘোপুর দিয়ারা এলাকার বাসিন্দারা শিক্ষা, স্বাস্থ্য ও জরুরি পরিষেবার ক্ষেত্রে দ্রুত যাতায়াতের সুবিধা পাবেন।
তবে এই প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, গত বছরের জুন মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার সেতুর একটি অংশের উদ্বোধন করেছিলেন এবং সেখানে যান চলাচলও শুরু হয়েছিল। ফলে নতুন করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি, এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন নেই বলেও তিনি অভিযোগ করেছেন।
সেতুর নামকরণ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। তেজস্বী যাদব ও কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেছেন, স্বাধীনতা সংগ্রামী অক্ষয়বট রাই অথবা গুরু গোবিন্দ সিংহের নামে সেতুর নামকরণের প্রস্তাব ছিল। জীবিত অবস্থায় নিতীশ কুমারের নামে সেতুর নামকরণ কেন করা হলো, তা নিয়ে তাঁরা সরব হয়েছেন। অন্যদিকে, বিজেপির দাবি, বিহারের পরিকাঠামো উন্নয়নে নিতীশ কুমারের অবদানকে স্বীকৃতি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১২ সালে পরিকল্পনা শুরু হওয়া এই প্রকল্পের শিলান্যাস ২০১৫ সালে নিতীশ কুমারই করেছিলেন।