অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, কলকাতার হাসপাতালে ভেন্টিলেশনে চিকিৎসাধীন

শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। রাত ৯টা নাগাদ নিজের বাড়িতে অসুস্থ বোধ করলে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সিসিইউ-তে ভর্তি করা হয়। সেখানে চার ঘণ্টা চিকিৎসার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার গভীর রাত সাড়ে ৩টে নাগাদ অচৈতন্য অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে আইটিইউ-এর ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
বিধায়কের অসুস্থতার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শরীরে বিষক্রিয়ার প্রভাব থাকার জল্পনা শোনা গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। পারিবারিক বিবাদের জেরে অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও পরিবার বা দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য মেলেনি। রবিবার সকালে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন বিধায়ক।