সীমান্ত এলাকা পরিদর্শনে ভারতে আসছেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা

শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে জল্পনার মধ্যেই ভারত সফরে আসছেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, মুজাফফর হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এই প্রতিনিধি দলে রয়েছেন। রবিবার সকালে তাঁদের কলকাতা পৌঁছানোর কথা রয়েছে। পরবর্তী কয়েক দিনের মধ্যে তাঁরা ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পরিদর্শন করতে পারেন বলে জানা গেছে।
রাজনৈতিক মহলের মতে, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, হাসিনা কোন পথে বাংলাদেশে ফিরবেন, তা নিশ্চিত করতে পেট্রাপোল-বনগাঁ এবং আগরতলা সীমান্ত এলাকা খতিয়ে দেখতে চাইছেন আওয়ামী লীগ নেতারা। কোনো একটি নির্দিষ্ট পথের ওপর নির্ভর না করে বিকল্প পথগুলোও যাচাই করে রাখতে চাইছে দলটি। তবে এই সফরের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও বাংলাদেশের বর্তমান সরকার তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দুর্নীতি মামলায় হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকার তাঁর প্রত্যর্পণের দাবি জানালেও ভারত সরকার বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।