পিএফের টাকা এবার কিস্তিতে তোলার সুযোগ, অবসরের পরেও মিলবে সুদ

কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন বা ইপিএফও এবার পিএফের টাকা ধাপে ধাপে তোলার নতুন ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে। সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান বা এসডব্লিউপি নামের এই নতুন কাঠামোর মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে, তিন মাস অন্তর কিংবা ছ’মাস অন্তর তাদের জমানো টাকা তোলার সুযোগ পাবেন। বর্তমানে অবসরের সময় পিএফের পুরো টাকা একসঙ্গে তুলে নেওয়ার নিয়ম রয়েছে, তবে নতুন ব্যবস্থায় প্রয়োজন অনুযায়ী কিস্তিতে টাকা তোলার সুবিধা মিলবে।
এই নতুন নিয়মের ফলে পিএফ অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ অবশিষ্ট থাকবে, তার ওপর সুদ জমতে থাকবে। ইপিএফও-র কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের ২৪০তম বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। শ্রম মন্ত্রকের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৫৫ বছরের বেশি বয়সী এবং পিএফে অন্তত ৫ লক্ষ টাকা জমা রয়েছে এমন প্রায় ৬.৩২ লক্ষ সদস্য এই সুবিধার আওতায় আসতে পারেন। এছাড়া নির্দিষ্ট পরিস্থিতিতে নমিনিরাও এই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
উল্লেখ্য, এই ব্যবস্থাটি কোনোভাবেই মাসিক পেনশন নয়, বরং এটি নিজের জমানো সঞ্চয় ধাপে ধাপে পাওয়ার একটি উপায়। মাসিক পেনশন আলাদাভাবে কর্মচারী পেনশন প্রকল্পের আওতায় পড়ে। বর্তমানে এই নিয়মটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইনি সংশোধন এবং অর্থ মন্ত্রকের সঙ্গে কর সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই এই নতুন সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।