বিজেপির ওবিসি মোর্চায় নতুন দায়িত্ব পেলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল

বিজেপির ওবিসি মোর্চায় নতুন দায়িত্ব পেলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল

ক্রিকেটের ময়দান থেকে রাজনীতির আঙিনায় পা রাখলেন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চায় তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দলের জাতীয় সভাপতি নীতীন নবীনের নির্দেশে এই সাংগঠনিক রদবদল করা হয়েছে, যা শনিবার থেকেই কার্যকর হয়েছে। চাহালের পাশাপাশি ওড়িশার অধ্যাপক অদ্বৈত চরণ গণনায়ক এবং উত্তরপ্রদেশের আইনজীবী সীমা সমৃদ্ধি কুশওয়াকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে ৩৭ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি সাতজন জাতীয় সহ-সভাপতি, তিনজন জাতীয় সাধারণ সম্পাদক এবং সাতজন জাতীয় সম্পাদক নিয়োগ করা হয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর ও গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই সাংগঠনিক রদবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, যুজবেন্দ্র চাহাল আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ৭২টি একদিনের ম্যাচে ১২১টি এবং ৮০টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৬টি উইকেট নিয়েছেন। তিনি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার কৃতিত্বও তাঁর দখলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯টি ম্যাচে ১৪৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ক্রিকেটের পাশাপাশি এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করলেন এই তারকা স্পিনার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *