আবহাওয়া উন্নত হতেই চন্দননগরে শুরু জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন

টানা বৃষ্টির পর শনিবার সকাল থেকে হুগলির আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি থামায় চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন প্রক্রিয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়া খারাপ থাকায় এবং ঝুঁকি এড়াতে কেন্দ্রীয় কমিটি ও প্রশাসনের সিদ্ধান্তে আগে শোভাযাত্রা স্থগিত রাখা হয়েছিল। শনিবার বৃষ্টি কমতেই চন্দননগর ও ভদ্রেশ্বরের বিভিন্ন ঘাটে ৪৪টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে রবিবার শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে।
চন্দননগর কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে এবার মোট ১৮০টি পুজো হয়েছে, যার মধ্যে ৬৮টি পুজো শোভাযাত্রায় অংশ নেবে। এই শোভাযাত্রার জন্য মোট ২৪৫টি লরির ব্যবস্থা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি বছর দশমীর দিন প্রতিমা বিসর্জন ও আলোকসজ্জা সহ শোভাযাত্রা হলেও, এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই রীতিতে ছেদ পড়েছিল। পুলিশ প্রশাসনের অনুমতি অনুযায়ী এবার মোট ৪৪৬টি পুজো অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে, রিষড়াতেও জগদ্ধাত্রী পুজো চলছে। সেখানে নবমী তিথি থেকে পুজো শুরু হওয়ায় বিসর্জনের সময়সূচি কিছুটা আলাদা। দুর্যোগের কারণে রিষড়ার বিসর্জনের শোভাযাত্রা রবিবার থেকে পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। তবে বৃষ্টি থামায় রিষড়ার পুজো উদ্যোক্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ৩৬তম বর্ষে নিউ বর্ণালি চক্রের মণ্ডপে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীরাঙ্গনাদের আত্মবলিদানের থিম ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শনার্থীদের নজর কেড়েছে।