কালনায় সুইমিং পুলের ভেতর বিয়ের মঞ্চ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

পূর্ব বর্ধমানের কালনা পুরসভার পরিচালনাধীন একটি সুইমিং পুলের ভেতর বিয়ের মঞ্চ তৈরির ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। শিশুদের সাঁতার শেখার জন্য নির্দিষ্ট এই পুলের জলেই তৈরি করা হয়েছিল বিয়ের স্টেজ। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই পুরসভার নিয়ম ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে কালনা পুরসভার পুরনো বাসস্ট্যান্ড এলাকার সুইমিং পুলে। পুরসভার নিয়ম অনুযায়ী, সুইমিং পুল সংলগ্ন ইনডোর বা আশপাশের জায়গা অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হলেও, পুলের ভেতরে কোনো মঞ্চ তৈরির অনুমতি নেই। অভিযোগ, সেই নিয়মকে উপেক্ষা করেই বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। তিনি পাত্রীপক্ষের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি নিয়ে তাদের সতর্ক করেন।
বিধায়ক জানিয়েছেন, মানবিক কারণে এবং বিয়ের অনুষ্ঠানটি ওই দিনই থাকায় আপাতত তা বন্ধ করা হয়নি। তবে এটিই শেষবার, ভবিষ্যতে যাতে সুইমিং পুলের ভেতরে এ ধরনের কোনো আয়োজন না হয়, সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় পুরসভার চেয়ারম্যান রীনা মুখার্জির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।