তোলাবাজি ও মারধরের মামলায় জামিন পেলেন বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস

মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেফতার হওয়া নদীয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সদস্য পিয়ালী বিশ্বাস জামিন পেলেন। রানাঘাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে শনিবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হয়। এর আগে গত বৃহস্পতিবার আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তবে শনিবার পুলিশের কেস ডায়েরি এবং ইনজুরি রিপোর্ট খতিয়ে দেখে বিচারক এই জামিন মঞ্জুর করেন।
শুনানি চলাকালীন পিয়ালীর আইনজীবী মৃন্ময় চক্রবর্তী দাবি করেন, তাঁর মক্কেল এলাকায় জমি সিন্ডিকেট, বেআইনি মদ ও জুয়ার কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আইনজীবী আদালতে ভিডিও প্রমাণ পেশ করে জানান, প্রতিবাদ করতে গিয়ে পিয়ালী ও তাঁর সঙ্গীরাই উল্টে আক্রান্ত হয়েছিলেন। অভিযোগকারীদের পেশ করা ইনজুরি রিপোর্ট এবং মারধরের অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ না থাকায় বিচারক সরকারি আইনজীবীর কাছে কৈফিয়ত তলব করেন।
এই ঘটনায় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। সাংসদের দাবি, তাঁর চিঠির প্রেক্ষিতেই পুলিশমহলে সাড়া পড়ে যায় এবং পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। পিয়ালীর জামিন পাওয়ার পর সাংসদ সন্তোষ প্রকাশ করে জানান, তিনি প্রথম থেকেই এই লড়াইয়ে পাশে ছিলেন। অন্যদিকে, পিয়ালী বিশ্বাস স্থানীয় তৃণমূল নেতা আনন্দ দে-র বিরুদ্ধে জুয়ার আসর চালানোর অভিযোগ তুলেছিলেন। ঘটনার পর থেকে ওই তৃণমূল নেতাকে এলাকায় দেখা যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে খবর।