আলাস্কার উতকিয়াগভিক শহরে শুরু ৬৫ দিনের দীর্ঘ রাত

আলাস্কার উতকিয়াগভিক শহরে শুরু ৬৫ দিনের দীর্ঘ রাত

আলাস্কার উতকিয়াগভিক শহরে শুরু হয়েছে ৬৫ দিনের দীর্ঘ রাত। স্থানীয় সময় ১৮ নভেম্বর দুপুর ১টা ৪২ মিনিটে সেখানে শেষবারের মতো সূর্য অস্ত গিয়েছে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত ওই শহরে আর সূর্যোদয় হবে না। এর আগে ওই দিন দুপুর ১২টা ৪১ মিনিটে সূর্য উঠেছিল এবং মাত্র ৬১ মিনিট আকাশে থাকার পরই তা দিগন্তের আড়ালে চলে যায়। আর্কটিক সার্কলের প্রায় ৩২০ মাইল উত্তরে অবস্থিত হওয়ায় এই শহরে সূর্যের আলো পৌঁছায় না।

পৃথিবীর অক্ষের প্রায় ২৩.৫ ডিগ্রি হেলে থাকার কারণে শীতকালে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে। এর ফলে উত্তর মেরু সংলগ্ন অঞ্চলগুলিতে সূর্যের আলো পৌঁছাতে পারে না। তবে দীর্ঘ রাত মানেই সারাক্ষণ ঘুটঘুটে অন্ধকার নয়। দুপুরের দিকে কয়েক ঘণ্টা গোধূলির মতো নীলচে-লাল আভা দেখা যায়, যাকে ‘সিভিল টোয়াইলাইট’ বলা হয়। ২১ ডিসেম্বরের পর সেই ক্ষীণ আলোও আরও কমে আসে।

প্রায় ৪২০০ মানুষের এই শহরে দীর্ঘ অন্ধকারের মধ্যেও জীবনযাত্রা স্বাভাবিক থাকে। স্কুল, অফিস ও সামাজিক অনুষ্ঠান সবই নিয়ম মেনে চলে। স্থানীয় ইনুপিয়াত জনগোষ্ঠীর মানুষ আবহাওয়া ও সমুদ্রের বরফের পরিস্থিতি বুঝে শিকার ও মাছ ধরার কাজ চালিয়ে যান। এই দীর্ঘ রাতের অন্ধকারে পরিষ্কার আকাশে মেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিসের দেখা মেলে। প্রকৃতির এই ব্যতিক্রমী ছন্দের সঙ্গেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানিয়ে নিয়েছেন উতকিয়াগভিকের বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *