বাংলাদেশের সাত জেলায় মোতায়েন বিজিবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি

বাংলাদেশের সাত জেলায় মোতায়েন বিজিবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি

বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা-সহ সাতটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় মোট ৯০ প্লাটুন বিজিবি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৬ প্লাটুন সরাসরি বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে এবং ৪ প্লাটুন রিজার্ভ রাখা হয়েছে। গোপালগঞ্জে সর্বোচ্চ ২৯ প্লাটুন, ঢাকায় ১৮ প্লাটুন এবং ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তারা কাজ করছেন। বড় শিল্পাঞ্চল, বাণিজ্যিক এলাকা এবং সংবেদনশীল স্থানগুলোতে টহল জোরদার করা হয়েছে যাতে নাশকতা বা জননিরাপত্তার ঝুঁকি তৈরি না হয়।

মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর নজর রাখতে বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ প্রযুক্তি-নির্ভর মনিটরিং সেল চালু করা হয়েছে। ড্রোন, বডি-ওয়ার্ন ক্যামেরা এবং আধুনিক নজরদারি সরঞ্জামের মাধ্যমে লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিজিবি জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি তাদের সদস্যরা আন্তর্জাতিক সীমান্তেও নিয়মিত দায়িত্ব পালন করছেন। নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *