খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। প্রায় ৮০ মিনিট ধরে চলা শুনানির পর আদালত তাকে মোট ২৩৫ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। নিখিলের বিরুদ্ধে ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা, হত্যার ষড়যন্ত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। মার্কিন তদন্তকারীদের দাবি, ২০২৩ সালের মে মাসে ভারতের ক্যাবিনেট সচিবালয়ের তৎকালীন কর্মী বিকাশ যাদবের নির্দেশে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল।
তদন্তে জানা যায়, পান্নুনকে হত্যার জন্য এক লক্ষ মার্কিন ডলারের চুক্তি হয়েছিল, যার মধ্যে ১৫ হাজার ডলার অগ্রিম দেওয়া হয়। নিখিল এক পরিচিতের মাধ্যমে ভাড়াটে খুনি খোঁজার চেষ্টা করেন, কিন্তু তারা আসলে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারকভার এজেন্ট ছিলেন। এই ঘটনার জেরে ২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্র থেকে নিখিলকে গ্রেফতার করা হয় এবং ২০২৪ সালের জুন মাসে তাকে আমেরিকার হাতে প্রত্যর্পণ করা হয়।
এই মামলাকে কেন্দ্র করে ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। ভারত সরকার এই ষড়যন্ত্রে কোনো সরকারি আধিকারিকের যোগ থাকার অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে বিদেশ মন্ত্রক জানায়, তদন্তে এক ভারতীয় আধিকারিকের বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের যোগ থাকার অভিযোগ ভারত সরকার বরাবরই ভিত্তিহীন বলে খারিজ করে এসেছে।