পানিহাটির ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি রত্না দেবনাথের, জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ

পানিহাটিতে ফের রাজনৈতিক অশান্তির অভিযোগ উঠেছে। ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মী অরূপ সাহা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। একই সঙ্গে বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রত্না দেবনাথ বলেন, পানিহাটির ২৯টি ওয়ার্ডেই আলাদা করে লোক বসানো হয়েছে, অথচ তাঁর সঙ্গে জেলা সভাপতির কোনও সমন্বয় নেই। তাঁর অভিযোগ, “আমাকে সহ্য করতে পারেন না চণ্ডীচরণ রায়। ৪ তারিখের পর যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাঁরাই বর্তমানে বেশি গুরুত্ব ও দলের কাজ পাচ্ছেন।”
প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিধায়িকা। তাঁর কথায়, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বারবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না।” তিনি দাবি করেন, গত পরশু রাতেও বিভিন্ন ওয়ার্ডে মারামারির ঘটনা ঘটেছে। তাঁর আরও বক্তব্য, “যে অন্যায় করবে, সে তৃণমূল নয়, বিজেপি নয়, সে অপরাধী। আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত।”
বিধায়িকা জানান, তিন-চার দিন আগেই পানিহাটির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পদক্ষেপও করেছেন বলে তাঁর দাবি। নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন বলে জানান তিনি।
অন্য দিকে, মৃত বিজেপি কর্মীর স্ত্রী রুমা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ কামারহাটির দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাজারে কয়েকজন যুবককে একটি দোকানের সামনে বচসা করতে দেখেন অরূপ। তখন ঝামেলা মিটিয়ে নেওয়ার কথা জানান তিনি। কিছুক্ষণ পরে রুমা ও অরূপ ফের ঘটনাস্থলে যান। রুমার দাবি, সেখানে প্রায় ৪০-৫০ জন যুবক জড়ো হয়েছিলেন, যাঁদের মধ্যে নির্মল ঘোষের অনুগামীরাও ছিলেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে স্থানীয় কয়েকজন তাঁর দিকে তেড়ে আসেন বলে অভিযোগ। স্ত্রীকে হেনস্থা হতে দেখে প্রতিবাদ করেন অরূপ। অভিযোগ, এরপর কয়েকজন যুবক অরূপকে বুকে ধাক্কা মেরে সরিয়ে দেন। রুমার দাবি, তাঁকেও হুমকি দেওয়া হয়। মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অরূপ সাহা। পরে তাঁকে সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।