ছেলের চিকিৎসার দাবিতে ভ্যানে বেঁধে থানায় নিয়ে এলেন অসহায় বাবা

দুর্গাপুরের পাওয়ার হাউস কলোনির বাসিন্দা ভ্যানচালক সুনীল সাহ তাঁর ছেলেকে চিকিৎসার দাবিতে দড়ি ও নল দিয়ে ভ্যানের সঙ্গে বেঁধে থানায় নিয়ে এলেন। গত ১৫ নভেম্বর ছট পুজোর রাতে সুনীলবাবুর ছেলে কানহাইয়া সাহ হঠাৎই অস্বাভাবিক আচরণ শুরু করেন। পরিবারের দাবি, যুবক ঠিক কী ধরনের নেশা করেছিলেন বা কেন এমন মানসিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা তাঁদের অজানা। ছেলের এই আচরণের ফলে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় পড়ে যান।
পরিবারের পক্ষ থেকে যুবককে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সুনীলবাবুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর ছেলেকে ভর্তি নিতে অস্বীকার করে। আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর মতো অবস্থাতেও ছিলেন না তাঁরা। ফলে ছেলের চিকিৎসা নিয়ে বড়সড় সংকটের মুখে পড়েন অসহায় বাবা।
ছেলের অস্বাভাবিক আচরণের কারণে যেকোনো মুহূর্তে বড় কোনো বিপদ বা নিজের ক্ষতি করে ফেলার আশঙ্কা করছিলেন বাবা। সেই আতঙ্ক ও অসহায়তা থেকেই শেষ পর্যন্ত ছেলেকে ভ্যানের সঙ্গে বেঁধে থানায় নিয়ে যান তিনি। সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকদের কাছে কানহাইয়ার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য কাতর আবেদন জানিয়েছেন সুনীল সাহ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।