বিশ্বকে নতুন দিশা দেখাবে এসসিও, দিল্লিতে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

দিল্লিতে আয়োজিত এসসিও সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা, অর্থনীতি এবং সংযোগের ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক ও সভ্যতামূলক মেলবন্ধন এই সম্পর্ককে আরও মজবুত করবে এবং বিশ্বকে নতুন পথ দেখাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী দিল্লির পুরনো কেল্লার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সংযোগের ধারণা নতুন নয়। প্রায় ৫,০০০ বছর আগে সিন্ধু উপত্যকা সভ্যতা ও মেসোপটেমিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, প্রাচীনকালে ভারত, চীন, মধ্য এশিয়া এবং ইউরেশিয়ার মধ্যে বাণিজ্য পথগুলো ভাষা, ধারণা ও ঐতিহ্যের আদান-প্রদানে বড় ভূমিকা নিয়েছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, বণিক, পণ্ডিত ও বৌদ্ধ ভিক্ষুদের যাতায়াতের ফলে এই অঞ্চলগুলোর মধ্যে গভীর সংযোগ গড়ে উঠেছিল। তাঁর মতে, সাম্রাজ্যগুলো বিশ্বের মানচিত্র পরিবর্তন করলেও সভ্যতামূলক সংলাপই মূলত বিশ্বের দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছে। এসসিও-র ২৫তম বার্ষিকী উদযাপনের প্রসঙ্গ টেনে তিনি সদস্য দেশগুলোর মধ্যে নতুন ধারণার জন্ম দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন, যা ভবিষ্যতে বিশ্বকে আরও কাছাকাছি আনতে সাহায্য করবে।