মণিপুরে বিষমদ পানে ১৫ জনের মৃত্যু, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

মণিপুরের চান্দেল জেলায় গত তিন দিনে বিষমদ পানের জেরে ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থ অবস্থায় শিজা হাসপাতাল এবং বাবিনা হাসপাতালে দেড় শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভেজাল বা বিষাক্ত অ্যালকোহল সেবনের কারণেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
চান্দেল জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তিরা যে মদ পান করেছিলেন তা কাকচিং জেলার সুগনু এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল। চান্দেল জেলায় স্থানীয়ভাবে মদ তৈরির কোনো কারখানা নেই বলে পুলিশ জানিয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে চান্দেলের ডেপুটি কমিশনার একটি জনস্বাস্থ্য পরামর্শ জারি করেছেন। স্থানীয়ভাবে তৈরি বা সন্দেহজনক উৎসের মদ পান থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
অ্যালকোহল সেবনের পর বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, ঝাপসা দৃষ্টি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং আক্রান্ত রোগীদের দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসা দলের সঙ্গে কথা বলেন। সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।