এআই ছবি নিয়ে বিবাদ, হাসপাতালে স্বামীকে মারধরের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

একটি বেসরকারি হাসপাতালের আল্ট্রাসাউন্ড সহকারী অঙ্কিত দিওয়াকরের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। অঙ্কিতের দাবি, হাসপাতালের এক কর্মী তাঁর অজান্তে এআই প্রযুক্তির সাহায্যে তাঁর এবং এক সহকর্মীর একটি সম্পাদিত ছবি তৈরি করে ফোনে রেখেছিলেন। সেই ছবি দেখার পর থেকেই অঙ্কিতের স্ত্রীর মনে সন্দেহের দানা বাঁধে এবং শুরু হয় দাম্পত্য কলহ। অঙ্কিত বারবার বোঝানোর চেষ্টা করলেও তাঁর স্ত্রী তা মানতে নারাজ।
ছয় বছরের বিবাহিত জীবনে তাঁদের দুটি সন্তান রয়েছে। অঙ্কিতের অভিযোগ, গত কয়েকদিন ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, দুদিন আগে স্ত্রী তাঁকে মারধর করেন এবং তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ উভয় পক্ষকে ডেকে কাউন্সেলিং করালেও সমস্যার সমাধান হয়নি, বরং স্ত্রী এখন বিবাহবিচ্ছেদের দাবি তুলেছেন বলে অঙ্কিত জানিয়েছেন।
শুক্রবার সকালে অঙ্কিত যখন হাসপাতালে কর্মরত ছিলেন, তখন তাঁর স্ত্রী সেখানে উপস্থিত হয়ে আল্ট্রাসাউন্ড রুমে হামলা চালান বলে অভিযোগ। নিজেকে বাঁচাতে গিয়ে অঙ্কিত শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন। এছাড়া, শ্যালকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলে তিনি ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এই ঘটনায় স্ত্রী বা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।