রাজ্য পুলিশ প্রশাসনে বড় রদবদল: আইজি, ডিআইজি ও আট ইন্সপেক্টর পদে বদলি

রাজ্য পুলিশ প্রশাসনে বড় রদবদল: আইজি, ডিআইজি ও আট ইন্সপেক্টর পদে বদলি

পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করল রাজ্য সরকার। শুক্রবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে দুই আইপিএস আধিকারিকের দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয়েছে। ২০০৬ ব্যাচের আইপিএস অজয় কুমার ঠাকুরকে সিআইডি-র আইজিপি পদ থেকে সরিয়ে হোম গার্ডের আইজিপি করা হয়েছে। পাশাপাশি, ২০১০ ব্যাচের আইপিএস কে কান্নানকে সিআইএফ-এর ডিআইজি পদ থেকে সিআইডি-২-এর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

আইপিএস স্তরের পাশাপাশি রাজ্য পুলিশের আটজন ইন্সপেক্টরকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সঞ্জয় দে-কে ডায়মন্ড হারবার থানার আইসি করা হয়েছে এবং বর্তমান আইসি প্রশান্ত করকে পূর্ব মেদিনীপুরের ডিআইবি-তে পাঠানো হয়েছে। এছাড়া সিআইডি-র ইন্সপেক্টর গৌতম সাহাকে নোদাখালি থানার আইসি এবং নোদাখালির বর্তমান আইসি হিমাংশু বিশ্বাসকে বসিরহাট ট্রাফিক ইউনিটে বদলি করা হয়েছে।

প্রশাসনিক এই রদবদলে বেশ কিছু আগের নির্দেশ সংশোধন করা হয়েছে। পুজালি থানার আইসি সোমনাথ দে-র বীরভূম ডিআইবি-তে বদলির নির্দেশ বাতিল করে তাঁকে আগের পদেই বহাল রাখা হয়েছে। একইভাবে চিরঞ্জিত বিশ্বাসকে হাওড়া গ্রামীণের গড়চুমুকের সিআই করা হয়েছে এবং তাঁর পুজালি থানায় যাওয়ার নির্দেশ বাতিল করা হয়েছে। এছাড়া শিলিগুড়ির প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকারকে বজবজ থানার আইসি এবং বজবজের বর্তমান আইসি নিরুপম মণ্ডলকে বীরভূম ডিআইবি-তে ইন্সপেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *