পোলট্রি শিল্পের জন্য মাত্র ১ টাকায় দেশীয় বার্ড ফ্লু টিকা আনল কেন্দ্র

পোলট্রি শিল্পে বার্ড ফ্লুর সংক্রমণ রুখতে এবং পোলট্রি খামারিদের সুরক্ষায় বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ভোপালের আইসিএআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজেস (নিহসাদ) বার্ড ফ্লুর একটি দেশীয় টিকা তৈরি করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, মাত্র এক টাকা মূল্যের এই টিকা পোলট্রি খাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বল্প খরচে এই টিকা পাওয়ায় প্রান্তিক খামারিরা বিশেষভাবে উপকৃত হবেন।
ভারতে ২০০৬ সাল থেকে বার্ড ফ্লুর প্রকোপে লক্ষ লক্ষ পাখির মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০০৬ সালে মহারাষ্ট্রের নাভাপুরে প্রায় ১০ লক্ষ, ২০২১ সালে ৯ লক্ষ এবং চলতি বছরে প্রায় ২ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে। বার্ড ফ্লু ভাইরাস স্তন্যপায়ী প্রাণী ও মানুষের শরীরেও ছড়াতে পারে বলে উদ্বেগ রয়েছে। ভারতের গ্রামীণ অর্থনীতিতে পোলট্রি খাতের গুরুত্ব অপরিসীম। ২০২৪-২৫ অর্থবর্ষে ১৪৯.১১ বিলিয়ন ডিম উৎপাদন করে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। এই শিল্পকে সুরক্ষিত রাখতেই নতুন এই টিকা আনা হয়েছে।
পাশাপাশি, ভোপালে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক পশুরোগ গবেষণাগার তৈরির ঘোষণা করেছেন কৃষিমন্ত্রী। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, লাম্পি স্কিন ডিজিজ ও ব্রুসেলোসিসের মতো রোগে দেশে বছরে প্রায় ৫৬ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। নতুন এই গবেষণাগার পশুরোগ নির্ণয় ও চিকিৎসায় পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।