প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলার যমকেশ্বর এলাকার পঞ্চুর গ্রামে নিজের পৈতৃক বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। শনিবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। সাবিত্রী দেবীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে মহেন্দ্র সিং বিশত এবং স্থানীয় প্রশাসন।
প্রয়াত আনন্দ সিংহ বিশত ও সাবিত্রী দেবীর সাত সন্তানের মধ্যে অন্যতম হলেন যোগী আদিত্যনাথ। ২০২০ সালে তাঁর বাবা আনন্দ সিংহ বিশত প্রয়াত হন। সাবিত্রী দেবী গ্রামের বাড়িতেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে থাকতেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যোগী আদিত্যনাথ বিভিন্ন সময়ে গ্রামে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার হরিদ্বারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে এবং স্থানীয় প্রশাসন এই প্রক্রিয়ায় সবরকম সহযোগিতা করছে।
মায়ের প্রয়াণের এই ব্যক্তিগত শোকের দিনেও মুখ্যমন্ত্রী নিজের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেননি। গোরক্ষপুরে তিনি তাঁর নির্ধারিত কাজকর্ম চালিয়ে যান। সাবিত্রী দেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন দেশের রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি শোকবার্তায় জানিয়েছেন, মায়ের স্নেহ ও আশীর্বাদ জীবনের সবচেয়ে বড় সম্পদ। এছাড়া উত্তরপ্রদেশ বিজেপি, কংগ্রেস ও সমাজবাদী পার্টির নেতারাও এই ঘটনায় শোকবার্তা জ্ঞাপন করেছেন।