বিয়ের মরশুমে দেশে সাড়ে সাত লক্ষ কোটির ব্যবসার সম্ভাবনা, কর্মসংস্থান ১.২৫ কোটির

চলতি বিয়ের মরশুমে দেশজুড়ে প্রায় সাড়ে সাত লক্ষ কোটি টাকার ব্যবসার পূর্বাভাস দিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। খুচরো বিক্রি, উৎপাদন, হোটেল এবং পরিবহণসহ বিভিন্ন ক্ষেত্রে এই বিপুল চাহিদা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র দিল্লি ও এনসিআর অঞ্চলেই প্রায় ৫ লক্ষ বিয়ের আয়োজন হতে পারে, যা থেকে আড়াই লক্ষ কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদনি চক, সদর বাজার ও করোল বাগের মতো পাইকারি ও খুচরো বাজারগুলিতে ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে।
মোট ব্যবসার ৫৪ শতাংশ বা ৪.০৫ লক্ষ কোটি টাকা আসবে পণ্য ও খুচরো কেনাকাটা থেকে। এর মধ্যে গয়না ও মূল্যবান ধাতুতে ১.২ লক্ষ কোটি টাকা এবং পোশাক খাতে ৯০ হাজার কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। বাকি ৪৬ শতাংশ বা ৩.৪৫ লক্ষ কোটি টাকা আসবে পরিষেবা খাত থেকে। এর মধ্যে ক্যাটারিংয়ে ৭৫ হাজার কোটি টাকা এবং ব্যাঙ্কোয়েট হল ও হোটেল ব্যবসায় ৬০ হাজার কোটি টাকার লেনদেন হতে পারে।
এই মরশুমে ক্যাটারিং, সাজসজ্জা, ফোটোগ্রাফি, আতিথেয়তা ও ইভেন্ট ম্যানেজমেন্টের মতো ক্ষেত্রগুলিতে প্রায় ১.২৫ কোটি অস্থায়ী ও খণ্ডকালীন কাজের সুযোগ তৈরি হবে। ডিজিটাল আমন্ত্রণ, অনলাইন পেমেন্ট এবং এআই-নির্ভর পরিকল্পনার মতো নতুন পরিষেবাগুলিও এই বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিএআইটি-র তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে বিয়ের বাজারের আকার ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ বিয়েতে ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হলেও, বিলাসবহুল বিয়ের ক্ষেত্রে এই খরচ ৪ থেকে ৫ কোটি টাকা বা তারও বেশি হতে পারে।