ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিপাত, শীত কি তবে এসেই গেল?

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওড়িশা উপকূল অতিক্রম করার প্রক্রিয়ায় রয়েছে। এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বর্ষণের পর্যায়ে পড়ে। এছাড়া সাতক্ষীরা, চাঁদপুর, খুলনা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
নভেম্বর মাসে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, চলমান বৃষ্টির ধারা অব্যাহত থাকলে তা স্বাভাবিকের মাত্রা ছাড়িয়ে যেতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও একে শীতের স্থায়ী আগমন বলা যাবে না। মূলত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করলে শীতের অনুভূতি বাড়বে।
চলতি মৌসুমে তুলনামূলক উষ্ণ শীতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। গত ৩০ বছরের তুলনায় এবার রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে এবং শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।