পুলিশি তলব মেনে গিরিশ পার্ক থানায় অভিষেক, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা

পুলিশের তলব মেনে শুক্রবার দুপুরে গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৯ অক্টোবর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিকদের নিয়ে করা মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে ৩১ অক্টোবর এক মহিলা আইনজীবী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। গত ১৩ নভেম্বর অভিষেকের বাড়িতে নোটিস পাঠিয়ে তাঁকে ২০ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেই নির্দেশ মেনেই এদিন তিনি থানায় পৌঁছন।
অভিষেকের থানায় উপস্থিত হওয়ার সময় গিরিশ পার্ক থানা চত্বরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল সাংসদকে সমর্থন জানাতে প্রচুর কর্মী-সমর্থক থানার বাইরে ভিড় করেন। একই সময়ে সেখানে উপস্থিত বিজেপি সমর্থকরা অভিষেককে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। দুই দলের কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
থানায় যাওয়ার আগে অভিষেক সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতাদের পুলিশ সংক্রান্ত মন্তব্যের ভিডিও সংকলন পোস্ট করে পাল্টা আক্রমণ করেন। অন্যদিকে, থানার বাইরে বিজেপি সমর্থকদের বিক্ষোভ নিয়ে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেন, পুলিশি নোটিস মেনে তদন্তে সহযোগিতা করতে আসা সাংসদের উপস্থিতিতে বাইরে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। কুণাল ঘোষ অবিলম্বে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। অভিষেক অবশ্য জানিয়েছেন, তাঁর লুকোনোর কিছু নেই এবং তদন্তে তিনি সর্বদা সহযোগিতা করবেন।