সন্ত্রাসবাদ বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আলোচনা অসম্ভব: শিকাগোয় রাহুল গান্ধী

সন্ত্রাসবাদ বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আলোচনা অসম্ভব: শিকাগোয় রাহুল গান্ধী

আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে এক আলোচনাসভায় ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাকিস্তানের এক পড়ুয়ার প্রশ্নের জবাবে তিনি সাফ জানান, প্রতিবেশী দেশটি ভারতে সন্ত্রাসবাদে মদত দেওয়া ও উৎসাহ জোগানো বন্ধ না করলে আলোচনার কোনো অর্থ হয় না। নিরীহ ভারতীয়দের প্রাণহানি মেনে নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক আলোচনায় বসা অসম্ভব বলে তিনি মন্তব্য করেন।

আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের ভূমিকা নিয়েও এদিন সরব হন কংগ্রেস সাংসদ। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বিস্ময় প্রকাশ করেন। রাহুলের মতে, জনসংখ্যা ও ইতিহাসের নিরিখে বিশ্বরাজনীতিতে ভারতের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত, অথচ বর্তমানে আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ আলোচনাগুলিতে ভারত কার্যত পার্শ্বচরিত্র হয়ে দাঁড়িয়েছে। বিদেশনীতি কোনো রাষ্ট্রনেতার ব্যক্তিগত বন্ধুত্বের ওপর নির্ভর না করে জাতীয় স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।

জওহরলাল নেহরুর আমলের জোট নিরপেক্ষ আন্দোলনের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে রাহুল দাবি করেন, ভারত বর্তমানে তার স্বাধীন বিদেশনীতির অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে। গাজা সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতের বিদেশনীতি অন্য কোনো দেশের স্বার্থ বা অবস্থানকে অন্ধভাবে অনুসরণ না করে দেশের নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। ১৫০ কোটি মানুষের দেশ হিসেবে ভারতের নিজস্ব মতামত ও কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক মঞ্চে আরও জোরালো হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *