দুর্যোগের জেরে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা পিছিয়ে রবিবার

খারাপ আবহাওয়ার কারণে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন এবং ঐতিহ্যবাহী শোভাযাত্রা রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। দীর্ঘ ২৮ বছর পর দুর্যোগের কথা মাথায় রেখে কেন্দ্রীয় পুজো কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে রীতি মেনে বৃহস্পতিবারই ঘট বিসর্জন সম্পন্ন হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে শনিবার দিনের বেলায় যারা বিসর্জন দিতে ইচ্ছুক, তারা তা করতে পারবেন বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভজিৎ সাউ জানিয়েছেন, ১৮০টি পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শোভাযাত্রা বের করা সম্ভব নয় বলেই তা পিছিয়ে দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে শোভাযাত্রা শুরু হবে। বিসর্জনের সময়সূচি পিছিয়ে যাওয়ায় পুজো কমিটিগুলিকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রথমবার শহরে ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী এবং ৩ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়। ৪৪৬টি পুজোকে ৫টি জোন ও ১১টি সেক্টরে ভাগ করে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। জলপথ, রেল ও সড়কপথেও ছিল কড়া টহল।