গোরক্ষপুরে অখিলেশ যাদবের রথযাত্রায় জেসিবি-র ধাক্কায় মৃত বিজেপি নেতার নাবালক পুত্র

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পিডিএ রথযাত্রা চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত আর্যবর্ধন সিং স্থানীয় বিজেপি নেতা ওমকার সিংয়ের ছেলে। বুধবার দুপুরে কুড়াঘাট এলাকায় অখিলেশের কনভয় যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, রথযাত্রার সময় ফুল ছড়ানোর কাজে ব্যবহৃত একটি জেসিবি দ্রুতগতিতে আসার সময় কিশোরটিকে ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বোনকে স্কুল থেকে আনতে রাস্তা পার হওয়ার সময় জেসিবি-র ধাক্কায় আর্যবর্ধন রাস্তার ডিভাইডারে ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গোরক্ষপুর-দেওরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিবারের পক্ষ থেকে অখিলেশ যাদব ও রথযাত্রার আয়োজকদের বিরুদ্ধে খুনের মামলা দায়েরের দাবি জানানো হয়েছে।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পাঁচ সমাজবাদী পার্টি নেতা এবং ৬৬ জন অজ্ঞাতপরিচয় কর্মীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় সাধু যাদব, মৃত্যুঞ্জয় যাদব, যোগেশ যাদব ও চন্দ্রপ্রকাশের নাম রয়েছে। এছাড়া জেসিবি চালককেও মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অখিলেশ যাদব এই ঘটনার বিষয়ে অবগত নন বলে দাবি করলেও, প্রশাসনের বিরুদ্ধে পর্যাপ্ত নিরাপত্তার অভাবের অভিযোগ তুলেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।