সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার মামলা ফের খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার মামলা ফের খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী আদিবাসী ও চা-বাগান শ্রমিকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান, রাজ্য সরকার ঝাড়গ্রামসহ বিভিন্ন এলাকায় প্রায় ৭৭০টি বনভূমির পাট্টা বিতরণ করেছে। চা-বাগানের শ্রমিকদের জমির আইনগত অধিকার ও পাকা ঘর দেওয়ার পাশাপাশি আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য রাজ্যজুড়ে ৩২৪টি নতুন হোস্টেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আলিপুরদুয়ারে ৪ হাজার ৬১৬ জন আদিবাসী শিক্ষার্থীকে স্কলারশিপ এবং স্টেট ডেভেলপমেন্ট স্কিমে ৫ লক্ষ টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে।

আদিবাসীদের সাংবিধানিক অধিকার ও চাকরির সুযোগ নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিলের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি চাকরিতে এসটি সংরক্ষণ সুনিশ্চিত করা হবে এবং সমস্ত ভুয়া শংসাপত্র বাতিল করা হবে। পাশাপাশি আদিবাসীদের জন্য চালু থাকা ‘জয় জোহার’ ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে এবং লিম্বু সমাজের জন্য শিল্পী ভাতার ব্যবস্থাও করা হচ্ছে বলে তিনি জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন। বন্যায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হওয়ার সেই পুরনো ঘটনার তদন্ত পুনরায় শুরু করার জন্য তিনি আইজি-কে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, এই মামলাটি অবিলম্বে রি-ওপেন করতে হবে এবং দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *