কাজে না ফিরলে রবিবার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বাংলাদেশের পোশাক মালিকদের

কাজে না ফিরলে রবিবার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বাংলাদেশের পোশাক মালিকদের

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের জেরে উদ্ভূত পরিস্থিতিতে কড়া অবস্থান নিল মালিকপক্ষ। বিজিএমইএ এবং বিকেএমইএ-র যৌথ সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, শ্রমিকেরা কাজে যোগ না দিলে রবিবার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখা হবে। এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো বেতন পাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকায় ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং আরও ৯২টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে।

গত অক্টোবর মাস থেকেই বেতন বৃদ্ধির দাবিতে বাংলাদেশের পোশাক শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১ নভেম্বর সরকার একটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী সোমবার এই বোর্ডের তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই শ্রমিকদের কাজে ফেরার জন্য চাপ সৃষ্টি করল মালিকপক্ষ।

উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে প্রায় ৪ হাজার নিবন্ধিত পোশাক কারখানায় ৪০ লক্ষাধিক শ্রমিক কর্মরত রয়েছেন। বিশ্বের প্রায় ১৫০টি দেশে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হয়। রফতানির নিরিখে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে বাংলাদেশ পোশাক শিল্পে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে সাম্প্রতিক এই অস্থিরতা ও কারখানা বন্ধের সিদ্ধান্তে দেশের সামগ্রিক রফতানি বাণিজ্যের ওপর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *