সুকেশের তথ্যচিত্রের মুক্তি আটকাতে নেটফ্লিক্সকে আইনি নোটিস

সুকেশ চন্দ্রশেখরের জীবন ও কর্মকাণ্ড নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের মুক্তি আটকাতে নেটফ্লিক্সকে আইনি নোটিস পাঠানো হয়েছে। গত ২৬ নভেম্বর পাঠানো এই নোটিসে দাবি করা হয়েছে, সুকেশের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বর্তমানে বিচারাধীন। প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই তথ্যচিত্র বা এর প্রচারমূলক কোনো সামগ্রী প্রকাশ করা যাবে না বলে জানানো হয়েছে।
আইনজীবী অনন্ত মালিকের মতে, আদালতে কোনো ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার আগেই তথ্যচিত্রের মাধ্যমে একপাক্ষিক বা যাচাই না করা বিবরণ তুলে ধরার আশঙ্কা রয়েছে। তাঁর দাবি, আদালত রায় দেওয়ার আগে নির্মাতারা পর্দায় কোনো রায় ঘোষণা করতে পারেন না। এই আইনি নোটিসে তথ্যচিত্রের নির্মাণ ও বিষয়বস্তু নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়েছে।
নোটিসে তথ্যচিত্রে কারা বক্তব্য রেখেছেন, সেই তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে। বিশেষ করে মামলার সাক্ষী, তদন্তকারী আধিকারিক বা জেলকর্মীরা এতে অংশ নিয়েছেন কি না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া নির্মাতারা যে তথ্যের ভিত্তিতে এটি তৈরি করেছেন, তার উৎস নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আদালতে এখনো প্রমাণিত হয়নি এমন তথ্য বা সরকারি নথি ব্যবহারের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আগামী ১৮ ডিসেম্বর তথ্যচিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই আইনি নোটিসের পর নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট নির্মাতারা কী অবস্থান নেন, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে বিনোদন ও আইনি মহল।