দিলজিতের মুম্বই কনসার্ট ঘিরে বিতর্ক, জারি করা হলো বিশেষ নির্দেশিকা

মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) এই অনুষ্ঠান বাতিলের দাবি তুলেছে। তাদের হুঁশিয়ারি, অনুষ্ঠান বাতিল না করা হলে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পথ অবরোধ করা হবে। এমএনএস-এর দাবি, গত ২২ নভেম্বর একই ভেন্যুতে আয়োজিত একটি কনসার্টে ৫৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে প্রায় ১২ জনের শরীরে মাদক সেবনের প্রমাণ মিলেছে। এছাড়া অতীতে ওই এলাকায় মাদক সেবনের কারণে এক যুবকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে এমএনএস জানিয়েছে, অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রচুর মানুষের ভিড় ও যানজটের ফলে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হন। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এই অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ২৭ নভেম্বর আয়োজিত কনসার্টের আগে টিকিট বুকিং সংস্থার তরফে একটি বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, কনসার্টের ভেতরে পতাকা, ব্যানার, পোস্টার, কলম এবং মেকআপ সামগ্রী নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তার খাতিরেই এই কড়াকড়ি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এমএনএস-এর এই প্রতিবাদের জেরে অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়ে চর্চা অব্যাহত রয়েছে।