পাকিস্তানি কনটেন্ট নিয়ে নেটফ্লিক্সকে সতর্ক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক

পাকিস্তানি কনটেন্ট নিয়ে নেটফ্লিক্সকে সতর্ক করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক

ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার না করার বিষয়ে ২০২৫ সালের মে মাসে জারি করা নির্দেশিকা পুনরায় মনে করিয়ে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। অপারেশন সিঁদুরের আবহে সেই সময় সরকার নির্দেশ দিয়েছিল যে, ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানের কোনো সিনেমা, ওয়েব সিরিজ বা কনটেন্ট প্ল্যাটফর্মে রাখা যাবে না। এই নির্দেশিকার প্রেক্ষিতে নেটফ্লিক্সকে তাদের আগের অবস্থান বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের জুন মাসে স্ট্রিমিং সংস্থাটি মন্ত্রককে জানিয়েছিল যে, তাদের প্ল্যাটফর্মে ভারতীয় গ্রাহকদের জন্য পাকিস্তানের কোনো কনটেন্ট উপলব্ধ নেই।

সম্প্রতি ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ সিরিজটি নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ার পর এই সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই রোম্যান্টিক ড্রামা সিরিজটির। সিরিজটির মুক্তির ঘোষণা সামনে আসতেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনসহ একাধিক সংগঠন ভারতে এর সম্প্রচার বন্ধের দাবিতে সরব হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েও পাকিস্তানি কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। এর প্রতিক্রিয়ায় মে মাসে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামক সামরিক অভিযান চালায়। এই ঘটনার পর থেকেই দুই দেশের সাংস্কৃতিক ও বিনোদন জগতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। কেন্দ্রীয় মন্ত্রকের বর্তমান নির্দেশিকার ফলে ভারতে সিরিজটির সম্প্রচার কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *