ওটিটিতে মুক্তি পাচ্ছে নিম করোলি বাবার জীবন অবলম্বনে তৈরি ছবি ‘হনুমান অংশ’

মাত্র দুই কোটি টাকা বাজেটে নির্মিত সিনেমা ‘হনুমান অংশ’ বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে। নির্মাতাদের দাবি অনুযায়ী, বিশ্বজুড়ে ছবিটি ৪৫০ কোটি টাকারও বেশি আয় করেছে। নিম করোলি বাবার জীবন ও দর্শনের ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল চতুর্বেদী। তাঁর লেখা ‘ডিভাইন ডিটুর: দ্যাট চেঞ্জড মাই লাইফ’ বই অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। এটি নিম করোলি বাবার জীবন নিয়ে পরিকল্পিত তিনটি ছবির সিরিজের প্রথম পর্ব।
ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। তিনি ছোটবেলার লক্ষ্মী নারায়ণ এবং পরবর্তী সময়ের নিম করোলি বাবা—উভয় বয়সের চরিত্রেই অভিনয় করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিহান শেঢ়গে, চন্দন কে আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি এবং গুলশন পাণ্ডে। স্বাধীনতার আগের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে এক বালকের আধ্যাত্মিক হয়ে ওঠার যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে।
প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। আগামী ২৭ নভেম্বর থেকে সোনিলিভে ছবিটির হিন্দি সংস্করণ দেখা যাবে। এর দুদিন পর নেটফ্লিক্সে ছয়টি ভাষায় ছবিটি মুক্তি পাবে। নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, ভগবান হনুমানের পরম ভক্ত নিম করোলি বাবার ঐশ্বরিক কাহিনি এবার দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন।