৮কে রেজোলিউশনে বড় পর্দায় ফিরছে সঞ্জয় দত্তের ‘মুন্নাভাই এমবিবিএস’

বড় পর্দায় আবারও ফিরছে রাজকুমার হিরানি পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘মুন্নাভাই এমবিবিএস’। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের জন্য ছবিটিকে ৮কে রেজোলিউশনে পুনরুদ্ধার করা হয়েছে। এর ফলে সিনেমার দৃশ্যগুলো আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট ও ঝকঝকে হবে। পাশাপাশি উন্নত অভিজ্ঞতার জন্য ছবির অডিও ডলবি ৫.১ প্রযুক্তিতে রিমাস্টার করা হয়েছে।
বিধু বিনোদ চোপড়া প্রযোজিত এই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন রাজকুমার হিরানি। ছবিতে সঞ্জয় দত্তের পাশাপাশি আরশাদ ওয়ারসি, গ্রেসি সিং, বোমান ইরানি, সুনীল দত্ত এবং জিমি শেরগিলের অভিনয় দর্শকদের মন জয় করেছিল। বক্স অফিসেও ছবিটি দারুণ সাফল্য পেয়েছিল এবং বিশ্বজুড়ে প্রায় ৩৪.৬ কোটি রুপি আয় করেছিল।
ইতিমধ্যেই নির্মাতারা সিনেমাটির আইকনিক মুহূর্তগুলো নিয়ে একটি ট্রেলার প্রকাশ করেছেন। ২০০৩ সালে মুক্তি পাওয়া এই ছবির সাফল্যের পর ২০০৬ সালে এর সিক্যুয়েল ‘লাগে রহো মুন্নাভাই’ মুক্তি পায়, যা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়েও কাজ চলছে বলে জানা গেছে।