বিগ বস বাংলা ৩: নিরঞ্জন মণ্ডলের পাশে দাঁড়িয়ে ট্রোলিং ও ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে সরব তাঁর টিম

‘বিগ বস বাংলা ৩’-এর প্রতিযোগী নিরঞ্জন মণ্ডলকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও নেটমাধ্যমে চলা সমালোচনার প্রেক্ষিতে মুখ খুলল তাঁর টিম ‘লটারসেন’। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে নিরঞ্জনকে নিয়ে যে পরিমাণ ঘৃণা ও ব্যক্তিগত আক্রমণের ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। মূলত ‘টিকিট টু ফিনালে’র টাস্ক চলাকালীন সহ-প্রতিযোগী রাজবীর দে-র সঙ্গে নিরঞ্জনের বচসা ও উত্তপ্ত বাক্যবিনিময়ের পর থেকেই এই পরিস্থিতির সূত্রপাত হয়।
টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বিগ বস’ একটি প্রতিযোগিতামূলক রিয়্যালিটি শো, যেখানে বিভিন্ন মানসিকতার মানুষ একসঙ্গে থাকেন। তাই সবার সঙ্গে সবার মতের মিল হবে না, এটাই স্বাভাবিক। খেলার কৌশল বা সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত থাকতেই পারে, কিন্তু সেই মতপার্থক্যকে কেন্দ্র করে কাউকে ব্যক্তিগত আক্রমণ বা হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমালোচনা এবং ঘৃণার মধ্যে যে স্পষ্ট পার্থক্য রয়েছে, তা মনে করিয়ে দিয়েছে নিরঞ্জনের টিম।
বিবৃতিতে আরও বলা হয়েছে, খেলার বাইরে গিয়ে কাউকে নিশানা করা বা কুরুচিকর মন্তব্য করা হতাশাজনক। তবে এই নেতিবাচক পরিস্থিতির মধ্যেও যারা নিরঞ্জনকে সমর্থন করছেন, সেই অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাঁর টিম। তারা আশা প্রকাশ করেছে, অনুরাগীদের ভালোবাসা নিরঞ্জনের কাছে পৌঁছাবে এবং নিজের মতো করে বাঁচার লড়াইয়ে তিনি একা বোধ করবেন না। প্রতিযোগীর আচরণ নিয়ে আলোচনার অবকাশ থাকলেও ব্যক্তিগত পরিসরে আঘাত না করার বার্তা দিয়েছে তাঁর টিম।