মধুসূদন মঞ্চে ফের মঞ্চস্থ হতে চলেছে নাটক ‘কেশরী হত্যা’, বাজপেয়ীর চরিত্রে সুকান্ত মজুমদার

আগামী ২৯ নভেম্বর মধুসূদন মঞ্চে ফের মঞ্চস্থ হতে চলেছে নাটক ‘কেশরী হত্যা’। এই নাটকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুকান্ত মজুমদারকে। এর আগে রবীন্দ্র সদনে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছিল। বাজপেয়ীর চরিত্রে সুকান্ত মজুমদারের অভিনয়ও সেবার বেশ প্রশংসিত হয়েছিল।
নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, চিন্তাভাবনা এবং তাঁর মৃত্যুর পেছনের বিভিন্ন প্রশ্নকে কেন্দ্র করে। নাটকে বাজপেয়ী একজন কথকের ভূমিকায় রয়েছেন, যিনি শ্যামাপ্রসাদকে ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনা নিজের অভিজ্ঞতার আলোকে দর্শকদের সামনে তুলে ধরেন। এই নাটকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মুখ্য চরিত্রে অভিনয় করছেন কৌশিক অধিকারী। নাটকটি লিখেছেন সঞ্জয় আচার্য এবং এর পরিকল্পনা ও নির্দেশনার দায়িত্বে রয়েছেন দেবাশিস বিশ্বাস।
রাজনীতির পরিচিত মুখ হলেও অভিনয়ের জগতে সুকান্ত মজুমদার নতুন নন। ছাত্রজীবনে বালুরঘাটে একাধিক নাটকে অভিনয় করেছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে অধ্যাপনা ও রাজনৈতিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন মঞ্চ থেকে দূরে ছিলেন। প্রথম প্রদর্শনীর সাফল্যের সূত্র ধরেই ফের মঞ্চে আসছে এই নাটক। রাজনীতির ব্যস্ততার মাঝে সুকান্ত মজুমদারকে আবারও থিয়েটারের মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।