শ্রবণশক্তি হারানোর পর প্রথমবার জনসমক্ষে অলকা ইয়াগনিক, সুভাষ ঘাইয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ

দীর্ঘদিন অসুস্থতার কারণে সংগীতের জগত থেকে দূরে থাকার পর ফের জনসমক্ষে ফিরছেন প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক। ২০২৪ সালে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, বিরল স্নায়বিক সমস্যার কারণে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অগণিত অনুরাগী ও সংগীত জগতের তারকারা।
তবে অসুস্থতা সত্ত্বেও সুরের সঙ্গে তাঁর সম্পর্ক যে অটুট, তা আবারও প্রমাণিত হলো। পরিচালক সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘কেয়া জামানা থা’-তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ে এই বিশেষ সংগীতানুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে। গায়িকাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন স্বয়ং সুভাষ ঘাই।
দীর্ঘ সংগীত জীবনে ২১ হাজারেরও বেশি গান গেয়েছেন অলকা ইয়াগনিক। হিন্দি ছাড়াও একাধিক ভাষায় তাঁর কণ্ঠের জাদু মুগ্ধ করেছে শ্রোতাদের। দীর্ঘ বিরতির পর এমন একটি সংগীতানুষ্ঠানে তাঁর উপস্থিতির খবরে স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। যদিও ওই অনুষ্ঠানে তিনি গান গাইবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবুও প্রিয় শিল্পীকে আবারও গানের মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।