বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাম্মানিক ডি-লিট পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

অভিনয় জগতে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সম্মানসূচক ডি-লিট উপাধি প্রদান করতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪০তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মান প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর হাতে এই সাম্মানিক উপাধি তুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাবর্তনে কাদের সম্মানসূচক উপাধি দেওয়া হবে, তা নিয়ে ইসি বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রস্তাবের ভিত্তিতে রাজ্যপাল তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য আর এন রবি এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। গত ১৭ নভেম্বর রাজ্যপালের সচিবালয় থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে এই অনুমোদনের চিঠি পাঠানো হয়।
মিঠুন চক্রবর্তীর পাশাপাশি এই সমাবর্তন অনুষ্ঠানে বিজ্ঞান জগতের দুই বিশিষ্ট ব্যক্তিত্বকেও সম্মান জানানো হবে। অধ্যাপক জি পার্থসারথি এবং অধ্যাপক ভুপেন্দ্রনাথ গোস্বামীকে সম্মানসূচক ডি.এসসি উপাধি প্রদান করা হবে। ইসি বৈঠকের পর এই তিনজনের নামই অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। ২০২৪ সালে পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই স্বীকৃতি মিঠুন চক্রবর্তীর সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করল।