ফের সুপারম্যানের চরিত্রে কি ফিরবেন হেনরি ক্যাভিল? মুখ খুললেন অভিনেতা

ডিসি ইউনিভার্সের ভবিষ্যৎ নিয়ে চলমান অনিশ্চয়তার আবহে ফের সুপারম্যানের চরিত্রে অভিনয়ের সম্ভাবনা উড়িয়ে দিলেন না অভিনেতা হেনরি ক্যাভিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে সুযোগ পেলে তিনি আবারও সুপারম্যানের চরিত্রে ফিরবেন কি না। উত্তরে ক্যাভিল সরাসরি কোনো ঘোষণা না দিলেও ‘নেভার সে নেভার’ বা ‘কখনও অসম্ভব বলে ধরে নিও না’ মন্তব্য করে ভবিষ্যতের জন্য সম্ভাবনার দরজা খোলা রেখেছেন। তার এই বক্তব্য ঘিরেই এখন নতুন করে জল্পনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।
২০১৩ সালে জ্যাক স্নাইডারের ‘ম্যান অফ স্টিল’ ছবির মাধ্যমে সুপারম্যান হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছিল হেনরি ক্যাভিলের। এরপর ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’, ‘জাস্টিস লিগ’ এবং ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিতে তাকে এই আইকনিক চরিত্রে দেখা গেছে। তবে জেমস গান ও পিটার স্যাফরান ডিসি স্টুডিওসের দায়িত্ব নেওয়ার পর সুপারম্যানের চরিত্রে ডেভিড কোরেন্সওয়েটকে বেছে নেওয়া হয়, যা ক্যাভিলের প্রত্যাবর্তনের পরিকল্পনাকে বদলে দিয়েছিল।
বর্তমানে ডিসি ইউনিভার্সের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। জেমস গানের পরিচালনায় ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘সুপারম্যান’ ছবির পর আগামী বছর ‘ম্যান অফ টুমরো’ ছবিতে ডেভিড কোরেন্সওয়েটকে দেখা যাবে। তবে এরপর ফ্র্যাঞ্চাইজিটি কোন পথে এগোবে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। অন্যদিকে, হেনরি ক্যাভিল বর্তমানে ‘হাইল্যান্ডার’ রিবুট এবং ‘ভলট্রন’-এর মতো একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। ক্যাভিলের সাম্প্রতিক মন্তব্য তার ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে।