কেন নিজের বাড়ি বিক্রি করে ভাড়াবাড়িতে থাকেন অনুপম খের? জানালেন অভিনেতা

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের বর্তমানে নিজের কোনো বাড়িতে থাকেন না, বরং ভাড়াবাড়িতেই বসবাস করেন। এক সময় তাঁর নিজস্ব বাড়ি থাকলেও, সেটি তিনি অভিনেত্রী আলিয়া ভাটকে বিক্রি করে দিয়েছেন। প্রায় দশ বছর আগে বাড়ি বিক্রির পর থেকে তিনি আর নতুন করে সম্পত্তি কেনার দিকে যাননি। অভিনেতার মতে, ভাড়াবাড়িতে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তিনি বাড়ি রক্ষণাবেক্ষণ বা মেরামতির মতো ঝক্কি থেকে মুক্তি পেয়েছেন। তিনি কেবল তাঁর মায়ের জন্য শিমলায় একটি বাড়ি কিনে দিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম খের জানান, স্ত্রী কিরণ খের সাংসদ হিসেবে চণ্ডীগড়ে চলে যাওয়ার পর তিনি নতুন বাড়ি খোঁজার সময় উপলব্ধি করেন যে, অযথা বিপুল অর্থ ব্যয় করে বাড়ি কেনার প্রয়োজন নেই। ভাড়াবাড়িতেই তিনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারছেন। ইন্টারনেটে তাঁর সম্পত্তির পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা দেখানো হলেও, অভিনেতা তা অস্বীকার করেছেন। তাঁর কথায়, ওই টাকার ১০ শতাংশও তাঁর কাছে নেই। তবে এই ভুল তথ্যের কারণে বন্ধুরা প্রায়ই তাঁর কাছে টাকা চেয়ে ঠাট্টা করেন বলে তিনি জানিয়েছেন।
সম্পত্তি জমানোর নেশা না থাকলেও, জীবনযাত্রায় কোনো বিলাসিতার কমতি রাখেন না অনুপম। ভালো রেস্তোরাঁয় খাওয়া, ভ্রমণ এবং সেরা হোটেলে থাকার মতো শখ তিনি পূরণ করেন। কাজের ক্ষেত্রেও তিনি বর্তমানে বেশ ব্যস্ত। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে জটায়ুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া আগামী ২৭ নভেম্বর মুক্তি পেতে চলেছে সূরজ বরজাতিয়ার ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’, যেখানে আয়ুষ্মান খুরানা ও শর্বরীর সঙ্গে তাঁকে দেখা যাবে।