আর্থিক সংকটে অভিনেতা শরদ কাপুর, পোষ্যদের পাঠালেন এনজিও-তে

বলিউড অভিনেতা শরদ কাপুর বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। অভিনেতা জানিয়েছেন, নানা সমস্যার কারণে তিনি দীর্ঘ সময় মানসিক অবসাদে ভুগেছেন এবং কাজের আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি চলচ্চিত্র জগতে পুনরায় কাজের সুযোগ চেয়ে ইন্ডাস্ট্রির কাছে আবেদন জানিয়েছেন।
শরদ কাপুর ও তাঁর স্ত্রী বর্তমানে একটি সদ্যোজাত সন্তান ও চারটি পোষ্য কুকুর নিয়ে সংসার চালাচ্ছিলেন। তবে আর্থিক অনটনের পাশাপাশি বাড়ির কাজ ও পোষ্যদের দেখাশোনা করার মতো পর্যাপ্ত সাহায্য না থাকায় তিনি বিপাকে পড়েন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুম্বইয়ের ‘YODA’ নামক একটি পশুকল্যাণমূলক সংস্থার আশ্রয়ে তিনি তাঁর চারটি পোষ্য কুকুরকে পাঠিয়ে দিয়েছেন। সংস্থার কর্ণধার হেমা জানিয়েছেন, অভিনেতার শারীরিক অসুস্থতার কারণেই পোষ্যদের যথাযথ যত্নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজের পোষ্যদের থেকে দূরে থাকতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, কুকুরগুলির সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি, বরং তাদের ভালোবাসার খাতিরেই এই ব্যবস্থা নিতে হয়েছে। ভবিষ্যতে নতুন বাংলোয় ওঠার পর তিনি পোষ্যদের ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন। উল্লেখ্য, কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা শরদ কাপুরের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পারিবারিক যোগ রয়েছে। তিনি জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে ২০০৬ সালে বিয়ে করেন।