নবদ্বীপে ডিজে-র শব্দের প্রতিবাদ করায় নিগৃহীত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, ধৃত ১

নবদ্বীপে ডিজে-র শব্দের প্রতিবাদ করায় নিগৃহীত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, ধৃত ১

নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সামনে উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করতে গিয়ে নিগৃহীত হলেন এক সন্ন্যাসী। শুক্রবার সন্ধ্যায় রানিরচড়া বটতলার একটি বারোয়ারি কমিটির প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা মিশনের মূল ফটকের সামনে পৌঁছালে এই ঘটনা ঘটে। সেই সময় মিশনের প্রার্থনাগৃহে সন্ধ্যারতি চলছিল। উচ্চস্বরে ডিজে বাজতে থাকায় প্রার্থনায় বিঘ্ন ঘটায় সন্ন্যাসী অমরেশ্বরানন্দ বাইরে বেরিয়ে সাউন্ড বক্সের মুখ ঘুরিয়ে দেওয়ার অনুরোধ করেন।

অভিযোগ, অনুরোধ সত্ত্বেও শব্দের তীব্রতা না কমে বরং তা আরও বেড়ে যায়। সন্ন্যাসী পুনরায় বাইরে বেরিয়ে বাজনার শব্দ কমানোর অনুরোধ করলে কয়েকজন ব্যক্তি তাঁকে হেনস্থা করেন। এমনকি, তাঁর গলার গেরুয়া উত্তরীয় ধরে টানাটানি করা হয় এবং গালিগালাজ করা হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার পর রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, নদিয়ার জেলাশাসক এবং কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অতুল ভি জানিয়েছেন, সন্ন্যাসীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহ্যবাহী রাস উৎসবের সময় একজন সন্ন্যাসীর সঙ্গে এমন অশালীন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তবে নিগৃহীত সন্ন্যাসী জানিয়েছেন, তিনি কারও ব্যক্তিগত ক্ষতি চান না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *