ডিসেম্বরে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ, হাসিনার প্রত্যাবর্তনের জল্পনায় কড়া নজরদারি পুলিশের

বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনা এবং আওয়ামী লীগের সক্রিয়তা ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল ও বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ প্রশাসন ও পুলিশ বাহিনী দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সন্দেহভাজনদের গ্রেফতারের পাশাপাশি উস্কানিদাতা ও আর্থিক মদতদাতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চার পুলিশ আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, মাগুরা, বাগেরহাট ও খুলনার মতো জেলাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলিতেও বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। ঢাকা পুলিশের অতিরিক্ত কমিশনার ওসমান গণি জানিয়েছেন, অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
ডিসেম্বর মাসজুড়ে শাসকদল বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিএনপির কর্মসূচি চলবে। জামায়াতে ইসলামী ৪০ দিনের এবং জাতীয় নাগরিক পার্টি ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে, যা ইতিমধ্যে শুরু হয়েছে। বিজয় দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর এই ঠাসা কর্মসূচি এবং আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সব পক্ষের তৎপরতায় আগামী দিনে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।