সঞ্চয় না ভেঙে কীভাবে কম খরচে করবেন বিয়ের আয়োজন, জেনে নিন জরুরি কিছু টিপস

সঞ্চয় না ভেঙে কীভাবে কম খরচে করবেন বিয়ের আয়োজন, জেনে নিন জরুরি কিছু টিপস

বিয়ে জীবনের এক বিশেষ মুহূর্ত, তবে এর জন্য সারা জীবনের সঞ্চয় ভেঙে বা ঋণ করে জাঁকজমকপূর্ণ আয়োজন করার প্রয়োজন নেই। পরিকল্পিতভাবে এগোলে কম খরচেও বিয়ের অনুষ্ঠান সুন্দর ও স্মরণীয় করে তোলা সম্ভব। প্রথমেই একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করুন এবং পোশাক, গয়না, খাবার ও ভেন্যুর মতো প্রতিটি খাতের জন্য আলাদা অর্থ বরাদ্দ রাখুন। হঠাৎ কোনো জরুরি খরচের কথা মাথায় রেখে কিছু টাকা হাতে রাখা বুদ্ধিমানের কাজ।

বিয়ের খরচের বড় অংশ নির্ভর করে অতিথির সংখ্যার ওপর। তাই পরিচিত সবাইকে না ডেকে পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়ে অনুষ্ঠান করলে খরচ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। বড় কমিউনিটি সেন্টার বা বিলাসবহুল হোটেলের বদলে বাড়ির ছাদ, উঠান বা ছোট কোনো হল বেছে নিতে পারেন। এছাড়া পোশাক ও গয়নার ক্ষেত্রে অতিরিক্ত খরচ না করে স্থানীয় বুটিক বা পরিবারের পুরোনো গয়না নতুনভাবে ব্যবহারের পরিকল্পনা করতে পারেন। এমন পোশাক নির্বাচন করুন যা পরবর্তী সময়েও পরা সম্ভব।

খাবারের মেনু সীমিত রেখে মানসম্মত কয়েকটি পদ রাখলে অপচয় কমে। সাজসজ্জার ক্ষেত্রে দামি উপকরণের বদলে স্থানীয় ফুল, রঙিন কাপড় বা কাগজের সাজ ব্যবহার করে সৃজনশীল পরিবেশ তৈরি করা যায়। ফটোগ্রাফির জন্য নামি প্রতিষ্ঠানের বদলে বাজেটের মধ্যে অভিজ্ঞ কাউকে বেছে নিন। এছাড়া ছাপানো কার্ডের বদলে ডিজিটাল আমন্ত্রণপত্র ব্যবহার করলে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হয়। লোকদেখানো প্রতিযোগিতা এড়িয়ে দুই পরিবারের আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় অনুষ্ঠানগুলো সম্পন্ন করাই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *