ভালো ঘুমের জন্য রাতে আলোর ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি, জেনে নিন সঠিক নিয়ম

আমাদের শরীরের নিজস্ব জৈবিক ঘড়ি বা সারকাডিয়ান রিদম আলো ও অন্ধকারের সংকেতে পরিচালিত হয়। সন্ধ্যার পর আলো কমতে থাকলে মস্তিষ্ক থেকে মেলাটোনিন হরমোন নিঃসৃত হয়, যা ঘুমের অনুভূতি জাগায়। ঘুমানোর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তীব্র বা সাদা আলো জ্বালিয়ে রাখলে এই হরমোন তৈরির প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে বিছানায় শুয়েও সহজে ঘুম আসতে চায় না। তাই ঘুমানোর এক থেকে দুই ঘণ্টা আগে ঘরের উজ্জ্বল আলো নিভিয়ে হালকা বা উষ্ণ আলো ব্যবহার করা ঘুমের জন্য কার্যকর।
গবেষণায় দেখা গেছে, ঘুমানোর সময় সামান্য আলো থাকলেও তা চোখের পাতার ভেতর দিয়ে সংকেত পাঠিয়ে গভীর ঘুমের ছন্দে বাধা সৃষ্টি করতে পারে। শুধু ঘরের বাতি নয়, মোবাইল, ল্যাপটপ বা টিভির নীলচে আলোও মস্তিষ্ককে দিনের আলোর সংকেত দেয়, যা ঘুম আসতে দেরি করায়। তাই ঘুমানোর অন্তত ৩০ থেকে ৬০ মিনিট আগে এসব যন্ত্রের ব্যবহার কমিয়ে আনা বা নাইট মোড চালু রাখা জরুরি।
বাইরের রাস্তার আলো ঘরে ঢুকলে পুরু পর্দা ব্যবহার করা যেতে পারে। যদি ঘুটঘুটে অন্ধকারে অস্বস্তি হয়, তবে খুব মৃদু ও উষ্ণ রঙের নাইট ল্যাম্প ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন একই সময়ে আলো কমানো ও ঘুমানোর অভ্যাস গড়ে তুললে ঘুমের মান অনেকটাই উন্নত হয়।